
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ে ২৩ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জারি হওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। পাশাপাশি হাসপাতাল, চিকিৎসাসেবা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে।
এছাড়া জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কিছু অফিস খোলা রাখা হবে বলেও উল্লেখ করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, শিল্প-কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি পরিচালনায় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।