
অধ্যাপক ড. আনিসুর রহমান
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগর প্রজ্ঞাপন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, একই দিনে জারি করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত দুটি পৃথক স্মারকের মাধ্যমে যে নিয়োগাদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবারই ড. আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়টির সপ্তম উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রজ্ঞাপন জারি করে সেই আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।