
ফাইল ছবি
জ্বালানি তেলের (জেট ফুয়েল) লাগামহীন মূল্যবৃদ্ধি ও আকাশপথে নানা বিধিনিষেধের কারণে বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিত ও সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে ভারতের শীর্ষ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পরিবর্তিত এই সিদ্ধান্ত আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মুম্বাই-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল সাময়িকভাবে পুরোপুরি স্থগিত করা হয়েছে। এছাড়া দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা আগের চেয়ে কমিয়ে আনা হয়েছে।
শুধু আঞ্চলিক রুটেই নয়, উত্তর আমেরিকা ও ইউরোপের দীর্ঘ দূরত্বের ফ্লাইটেও বড় পরিবর্তন এনেছে সংস্থাটি। দিল্লি-শিকাগো রুটে সব ফ্লাইট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। দিল্লি থেকে টরন্টো ও ভ্যাঙ্কুভারগামী ফ্লাইটের সংখ্যাও কমানো হয়েছে। তবে ইতিবাচক খবর হলো, মুম্বাই থেকে নিউয়ার্ক রুটে এখন থেকে প্রতিদিন ফ্লাইট চলাচল করবে। ইউরোপের প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেন রুটেও নিয়মিত ফ্লাইটের সংখ্যা হ্রাস করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে জুলাই পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সংস্থাটি জানায়, এই সমন্বয়ের পরেও প্রতি মাসে পাঁচটি মহাদেশের বিভিন্ন গন্তব্যে ১ হাজার ২০০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়া ও সার্ক অঞ্চলেই সপ্তাহে ১৫৮টি ফ্লাইট চালু থাকবে।
ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটে বুকিং, ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট রুটের আপডেট জানতে যাত্রীদের গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি