
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আবুল খায়ের গ্রুপের বিশেষ উদ্যোগ ‘এম-রাইজ গালা নাইট ও হিরো রিভিল সেরেমনি’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছয়জন অসাধারণ ব্যক্তিকে “এম-রাইজ হিরো” (M-Rise Hero) হিসেবে সম্মানিত করা হয়।
উদ্ভাবন, মানবিকতা, সাহস এবং নেতৃত্বের মাধ্যমে যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন, তাদের এই অনন্য কাজের স্বীকৃতি দিতেই আবুল খায়ের গ্রুপ এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান।
এম রাইজের প্রথম আসরে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাভলু। যিনি স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে অসংখ্য মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছেন। কক্সবাজারে মোঃ রুস্তম আলী ‘মা বাবা ফাউন্ডেশন’ এর মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের আশ্রয় অসহায়তা দিয়ে যাচ্ছেন। ঢাকার প্রাণিসেবক মোঃ আব্দুল কাইয়ুম পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসা সেবায় দীর্ঘদিন ধরে কাজ করছেন।

এছাড়া চট্টগ্রামে মোহাম্মদ রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা প্রদান করছেন। কক্সবাজারের মরিয়ম সমুদ্র শৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন অন্যদিকে প্রসেনজিৎ কুমার সাহা উচ্ছ্বাস উদ্যোগের মাধ্যমে শিক্ষা দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে শেখ শাবাব আহমেদ বলেন, বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী হিসেবে আমরা বিশ্বাস করি যে প্রকৃত অগ্রগতি কেবল ব্যবসায়িক সাফল্যে নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার মধ্যে নিহিত। এম-রাইজ হিরোদের গল্পগুলো আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে।

বিশেষ অতিথি শাকিব খান তার বক্তব্যে বলেন, দেশের মানুষের কল্যাণে নিভৃতে কাজ করে যাওয়া এই হিরোদের পাশে থাকতে পেরে আমি গর্বিত। দেশের প্রতি তাদের এই ভালবাসা আমাদের নতুন প্রজন্মের জন্য বড় উদাহরণ হয়ে থাকবে।
জমকালো এই সন্ধ্যায় হিরোদের জীবন ও কাজের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও ছিল সংগীত পরিবেশনা এবং বিভিন্ন আকর্ষণীয় পারফরম্যান্স। শিক্ষা, সমাজকল্যাণ, নারী ক্ষমতায়ন এবং কমিউনিটি উন্নয়নের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদানের জন্য নির্বাচিত এই ছয় হিরোর অনুপ্রেরণামূলক গল্পগুলো অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প