
ছবি: সংগৃহীত
প্রতিবেশী দেশ ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম। আজ শুক্রবার (১৫ মে) থেকে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ রুপি করে বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই। আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতার প্রভাবে দেশটিতে এই মূল্যবৃদ্ধি ঘটল বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৭৭ রুপি থেকে বেড়ে ৯৭.৭৭ রুপি হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটারপ্রতি ৯৯.৬৭ রুপি। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়ও তেলের দামে বড় পরিবর্তন এসেছে; সেখানে প্রতি লিটার পেট্রোল এখন ১০৮.৭৪ রুপি এবং ডিজেল ৯৫.১৩ রুপিতে বিক্রি হচ্ছে।
ভারতের অন্যান্য মেগাসিটিগুলোতেও জ্বালানি তেলের দাম সংশোধন করা হয়েছে। মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৬৮ রুপি এবং চেন্নাইয়ে ১০৩.৬৭ রুপি নির্ধারণ করা হয়েছে। শহরভেদে প্রতি লিটারে এই দাম বৃদ্ধির হার ২.৮৩ থেকে ৩.২৯ রুপি পর্যন্ত। এছাড়া মুম্বাই ও চেন্নাইয়ে ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৩.১৪ রুপি এবং ৯৫.২৫ রুপিতে।
জ্বালানি তেলের এই আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে ভারতের অভ্যন্তরীণ পরিবহন ও নিত্যপণ্যের বাজারেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।