
সংগৃহীত ছবি
কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে সমালোচনার জবাবে তাঁর শান্ত ও সংযত প্রতিক্রিয়াই এখন অনলাইনে প্রশংসা কুড়াচ্ছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে কানের লালগালিচার নিজের আইভরি সিল্ক শাড়ি–গাউনের লুক শেয়ার করেন আলিয়া। সেখানে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কী দুঃখজনক, কেউ তোমাকে খেয়ালই করেনি।’ জবাবে আলিয়া লেখেন, ‘দুঃখ কেন? তুমি তো আমাকে খেয়াল করেছ।’ অভিনেত্রীর এই উত্তর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এরপর মন্তব্যের ঘরে ভক্তরা আলিয়ার প্রশংসায় ভাসান। কেউ তাঁর লুকের প্রশংসা করেছেন, কেউ আবার সমালোচনার জবাবে ভদ্র আচরণের জন্য সাধুবাদ জানিয়েছেন।
ট্রলের মধ্যেই আলিয়ার পাশে দাঁড়িয়েছেন তাঁর শাশুড়ি নীতু কাপুর। ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়ার কান লুক শেয়ার করে তিনি লেখেন, ‘পারফেকশন’।
এদিকে অভিনেতা রাহুল বৈদ্য ও অ্যালি গোনি-ও আলিয়ার সমর্থনে কথা বলেছেন। রাহুল বৈদ্য সমালোচকদের উদ্দেশে বলেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করা সহজ নয় এবং প্রকৃত তারকারা কখনো মনোযোগ ভিক্ষা করেন না, বরং নিজেদের কাজ দিয়েই তা অর্জন করেন।
অন্যদিকে অ্যালি গোনি বলেন, আলিয়া ভাট আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে আত্মবিশ্বাস ও গর্বের সঙ্গে ভারতকে তুলে ধরেছেন, তা প্রশংসার দাবিদার। তাঁর মতে, উপহাস নয়, বরং এমন সাফল্য উদ্যাপন করাই সবার উচিত।
সূত্র: হিন্দুস্তান টাইমস