
দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এ সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
দীর্ঘ দুই দশক পর প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরের নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সাজানো হয়েছে পুরো এলাকা।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেবেন। তিনি স্থানীয় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তার।
স্থানীয় উন্নয়ন প্রকল্প নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফর সফল করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।