
বলিউড সুপারস্টার শাহরুখ খান ।। ফাইল ছবি
বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও আলোচনায়। তবে এবার নতুন কোনো সিনেমা নয়, বরং নিজের বিলাসবহুল গাড়ির সংগ্রহে আরও একটি দামি এসইউভি যোগ করার কারণে। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় অভিনেতাকে নতুন গাড়িতে ঘুরতে দেখা গেছে। সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খান এবার কিনেছেন ক্যাডিলাক এস্কালেড নামের একটি বিলাসবহুল এসইউভি। গাড়িটি ভারতে আনুষ্ঠানিকভাবে বিক্রি হয় না। তাই এটি ব্যক্তিগতভাবে আমদানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমদানি শুল্ক ও অন্যান্য খরচ মিলিয়ে গাড়িটির দাম প্রায় ৪ থেকে ৫ কোটি রুপি হতে পারে বলে জানা গেছে।
বিশ্বের অন্যতম বিলাসবহুল এসইউভি হিসেবে পরিচিত ক্যাডিলাক এস্কালেডে রয়েছে ৬.২ লিটারের শক্তিশালী ভি-৮ ইঞ্জিন। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ৩৮ ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লে, অত্যাধুনিক বিনোদন ব্যবস্থা এবং অত্যন্ত আরামদায়ক ইন্টেরিয়র।
এ ছাড়া গাড়িটিতে রয়েছে তিন স্তরের ক্লাইমেট কন্ট্রোল, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ওয়্যারলেস ফোন চার্জিং, ম্যাসাজ সুবিধাসহ হিটেড ও ভেন্টিলেটেড সিট, বিল্ট-ইন ফ্রিজ এবং ডুয়াল-প্যান গ্লাস সানরুফ। বিশেষ করে ৪২ স্পিকারের AKG স্টুডিও রেফারেন্স সাউন্ড সিস্টেম গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
শাহরুখ খানের গাড়ির সংগ্রহ আগেই ছিল নজরকাড়া। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তার গ্যারেজে রয়েছে রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপে, রোলস-রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ, রেঞ্জ রোভার স্পোর্ট, বিএমডব্লিউ আই৮ এবং মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস গার্ডের মতো বিলাসবহুল সব গাড়ি। নতুন ক্যাডিলাক এস্কালেড যোগ হওয়ায় সেই বহর আরও সমৃদ্ধ হলো।
নতুন গাড়ির ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ভক্ত লিখেছেন, ‘তার কত টাকা আছে, মানুষ কল্পনাও করতে পারবে না।’ আরেকজন মন্তব্য করেন, ‘বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান।’
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ সিনেমায়। এছাড়া সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমাতেও অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ। সিনেমাটিতে তার মেয়ে সুহানা খান ছাড়াও অভিনয় করছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও দীপিকা পাড়ুকোন। চলতি বছরের বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।