
খালেদ খিয়ারির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংগৃহীত ছবি
গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারগুলোও তুলে ধরেছেন তিনি।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে শামা ওবায়েদ বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে গুরুত্ব দিচ্ছে।
এ সময় তিনি নিম্নআয়ের মানুষ ও কৃষকদের সহায়তায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি—‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর বিষয়ও তুলে ধরেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আর্থিক সংকটের মধ্যেও শান্তিরক্ষা মিশনের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। পাশাপাশি সংঘাত-পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সম্পৃক্ততা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। বিশেষ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি।
সূত্র: বাসস