
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে প্রথম দফায় চারজন নেতার পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। তারা হলেন— জ্যেষ্ঠ সহসাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ, মাহতাব উদ্দীন আহমদ এবং দফতর সম্পাদক রাফসান জানি রিয়াজ।
গত বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তালিকা প্রকাশ করে এনসিপি।
শুক্রবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটির মোট ২২ জন নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের স্বাক্ষরিত পদত্যাগপত্র শিগগিরই আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বরাবর পাঠানো হবে।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক মোহাম্মদ শোয়াইব বলেন, বড় কমিটি হওয়ায় অনেকের প্রত্যাশা পূরণ হয়নি। কারও পছন্দের পদ থাকলেও কাঙ্ক্ষিত ব্যক্তি না থাকায় মনোমালিন্য তৈরি হয়েছে। তবে সবার জন্য কমিটির দরজা খোলা রয়েছে বলেও তিনি জানান।