
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে প্রকাশ্যে মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সিএমপির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের জানাজা শেষে কোতোয়ালী থানার জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী জড়ো হন।
পুলিশের দাবি, তারা লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা আশপাশের অলিগলি দিয়ে পালিয়ে যান।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খুলশী ও কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জয়নাল(২২), মো. রাসেল(২৫), মো. সাদ্দাম হোসেন(২৯), আলামিন(২৪), মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া(২৮), মো. শরীফ(২০), মো. শাহিন(২৭), মো. জাহিদুল হক সোহাগ(২৪), ইলিয়াছ প্রকাশ মিলন(২৬), রায়হান(২৯), মো. মনির(২৭), মো. সোহেল(২৮), মো. মুসা(৪২), মো. সজিব(২৭), মো. বশর প্রকাশ হাসান(২৪), মো.মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসান(২২), মো. ইমন(২৩), মো. সুমন(২৪), মো. মহিউদ্দিন(৩৯)।
উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী বলে স্বীকার করেছেন। তিনি আরও বলেন, তারা দেশে ও বিদেশে অবস্থানরত পলাতক ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, প্রধান আসামি যুবলীগ নেতা মো. মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও নারী-শিশু নির্যাতনসহ ১৫টি মামলা রয়েছে। এছাড়া আরও কয়েকজন গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।