
সংগৃহীত ছবি
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার–সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) রাতে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
শুক্রবার রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কায়সার হামিদ জানান, তার মেয়ে কারিনা কায়সার চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া চান এবং কারও মনে কষ্ট দিয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এই দুঃসময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল বলে পরিবার জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন কারিনা কায়সার। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।