
ছবি: সংগৃহীত
একদিনের সরকারি সফরে চাঁদপুরের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) সকাল পৌনে ৯টায় গুলশানের বাসভবন থেকে তিনি সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন বলে নিশ্চিত করেছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম চাঁদপুর সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তিনি জেলাটিতে সফর করেছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়ে বর্তমানে গাড়িবহরে আছেন। চাঁদপুর জেলায় মূল কর্মসূচিতে প্রবেশের আগে পথিমধ্যে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন তিনি। সেখানে উপস্থিত স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
কুমিল্লার পথসভা শেষে দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন সরকারপ্রধান।
দুটি গুরুত্বপূর্ণ সেচ ও জলবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষে বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন এবং সেখানে নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি।
দিনব্যাপী সফরের শেষ অংশে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় জেলা বিএনপির এক বিশেষ সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন দলের শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।