
সংগৃহীত ছবি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৫ জন।
স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলেও ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় একটি ট্রেন, যাত্রীবাহী বাস, কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর দ্রুত দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনেন এবং দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালান।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।