
ফাইল ছবি
লেবাননে কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চললেও দেশটিতে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম সেক্টরে বিমান হামলাসহ দেশের বিভিন্ন স্থানে ৩০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে।
লেবানিজ সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দেশটির আল-মানসুরি এবং টায়ার শহরের খুব কাছের বেশ কয়েকটি এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।
এ ছাড়া কলাইলাহ, হানিন ও মাজদাল জোউন শহরেও ব্যাপক আর্টিলারি বা কামানের গোলাবর্ষণ করা হয়েছে। আরও পূর্ব দিকে নাবাতিহ অঞ্চলের ইয়হমর ও আরনুনসহ একাধিক স্থানে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। সময়ের সাথে সাথে এই ধরনের হামলার প্রবণতা আরও বাড়ছে।
বিশ্লেষকরা বলছেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তা ইসরায়েলি বাহিনীকে হামলা চালানো থেকে বিরত রাখতে পারছে না। অদূর ভবিষ্যতে এই সংঘাত ও হামলা শেষ হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
এদিকে হামলার পাশাপাশি ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদ আদেশের ফলে নতুন করে চরম মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। হামলার ভয়ে দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো থেকে হাজার হাজার সাধারণ মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে দেখা যাচ্ছে।
দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের চলমান হামলার আশঙ্কায় সিডন থেকে রাজধানী বৈরুতের দিকের মহাসড়কগুলো এখন ঘরছাড়া ও পালিয়ে যাওয়া মানুষের ভিড়ে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে।
সূত্র: আলজাজিরা