
ফাইল ছবি
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরছে। তবে আজ রবিবার (১৭ মে) ভোর থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীর বুকে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকলেও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ, যার ফলে বেশ শীতুল ও স্যাঁতসেঁতে ভাব অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আচমকা শুরু হওয়া এই মুষলধারে বৃষ্টির কারণে সকালের অফিসগামী যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন; বিশেষ করে রাস্তায় পর্যাপ্ত গণপরিবহন না থাকায় এবং বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গন্তব্যে পৌঁছাতে তীব্র বেগ পোহাচ্ছেন।