
নিহত মাহমুদ হাসান। ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহমুদ হাসান (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নরসিংদী সদর উপজেলার বাসিন্দা ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় গত শনিবার (১৬ মে) দিবাগত রাতে কর্মস্থল থেকে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাস স্টপেজে সজোরে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাহমুদের মৃত্যু হয়।
নিহত মাহমুদ হাসান দক্ষিণ কোরিয়ার ডেজিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন এবং কিছুদিন আগেই তিনি সেখানে নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন।
তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী নাদিম নূর গভীর শোক প্রকাশ করে জানান, ‘আমরা একসাথে দক্ষিণ কোরিয়ায় এসেছিলাম। ও আমার খুব কাছের বন্ধু ছিল। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। সবাই আমার বন্ধুর জন্য দোয়া রাখবেন, আর কোরিয়াতে যারাই গাড়ি চালান, দয়া করে সাবধানে ড্রাইভিং করবেন।’
বর্তমানে মাহমুদ হাসানের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণ এই শিক্ষার্থীর আকস্মিক ও অকাল মৃত্যুতে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।