
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
মনগড়া তথ্যের ভিত্তিতে টেলিভিশন চ্যানেলের টিআরপি ও পত্রিকার প্রচারসংখ্যা ধরে সরকারি বিজ্ঞাপন বণ্টনের প্রচলিত ব্যবস্থা থেকে সরকার ধীরে ধীরে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করেছেন, ভবিষ্যতে মনগড়া তথ্যের বদলে পুরোপুরি স্বচ্ছ ও আধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞাপন বণ্টন করা হবে।
রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এসব কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টিআরপি এবং পত্রিকার ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত ও নির্ভুল নয়। মাত্র সীমিত কিছু নমুনার ওপর ভিত্তি করে তৈরি করা টিআরপি দিয়ে দেশের কোটি কোটি দর্শকের সঠিক হিসাব নির্ধারণ করা সম্ভব নয়। একইভাবে প্রকৃত সংখ্যার বাইরে গিয়ে মনগড়া ছাপা সংখ্যা ধরে বিজ্ঞাপন বণ্টন করাও আর গ্রহণযোগ্য হবে না।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা একটি নির্ভরযোগ্য ও ডিজিটাল ভিত্তিক পরিমাপ ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেলিভিশনের প্রকৃত দর্শকসংখ্যা এবং পত্রিকার প্রকৃত ছাপার সংখ্যা নির্ভুলভাবে নির্ধারণ করার ব্যবস্থা করা হবে।’
জহির উদ্দিন স্বপন আরও যোগ করেন, এই সঠিক ডিজিটাল টিআরপি ও প্রিন্ট কাউন্টিং ব্যবস্থা চালু হলে গণমাধ্যম খাতে তথ্যের সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত হবে এবং এর ভিত্তিতেই ভবিষ্যতে সরকারি বিজ্ঞাপনসহ সব ধরনের সুযোগ-সুবিধা বণ্টন করার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
টেলিভিশন এডিটরস কাউন্সিলের এই বৈঠকে দেশের টেলিভিশন ও গণমাধ্যম খাতের বিভিন্ন সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।