
বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, আধুনিক ও টেকসই বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালীন সময়ে মানুষ সহজে নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে।
শনিবার (১৬ মে) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি ও আধুনিকায়ন নিয়ে কথা বলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এই জনপদের শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “শিক্ষার মান উন্নত করতে হলে শুধু নতুন নতুন একাডেমিক ভবন তৈরি করলেই হবে না। আমাদের ছেলে-মেয়েদের আধুনিক, যুগোপযোগী ও সুশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার মূল ভিত্তিকেও মজবুত করতে হবে।”
বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি একই দিন সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নাতার খাল ইস্টি ব্রিজ হতে সাকের পেকের খাল পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখনন কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে আয়োজিত তোয়াকুল কলেজের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মহাপরিচালক রাকিব আল হাফিজ এবং তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।