
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৪ জন শিশু। তাদের মধ্যে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৮৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৭৪৪ জন।
এদিকে একই সময়ে দেশে মোট ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষজ্ঞদের মতে, টিকাদানে ঘাটতি, সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না নেওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।