
ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব অধস্তন আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঈদের আগে সরকারি নির্দেশনা অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।
রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি অফিসে টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এ বিষয়ে গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
তবে সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবাসমূহ। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং চিকিৎসাসেবা সংশ্লিষ্ট সব কার্যক্রম। এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও এ নির্দেশনার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। একইভাবে উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।