
ছবি: সংগৃহীত
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চালানো চিরুনি অভিযানে মাত্র এক সপ্তাহে ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আরও ৯ হাজার ৫৭৬ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে সৌদি নিরাপত্তা বাহিনী।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ৭ থেকে ১৩ মে পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক হওয়া ৯ হাজার ৫৭৬ জনের মধ্যে ৪ হাজার ৮৬৫ জনকে আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৩১৯ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ১ হাজার ৩৯২ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে মোট ২৬ হাজার ৬৩২ জন প্রবাসীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২৫ হাজার ৫৯ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী রয়েছেন।
আইন ভঙ্গকারীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর অংশ হিসেবে এক সপ্তাহে ১১ হাজার ২৭২ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চূড়ান্ত বহিষ্কারের অপেক্ষায় থাকা আরও ১১ হাজার ২২৬ জনের যাতায়াত বা ফ্লাইটের টিকিট বুকিং সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। নথিপত্র জটিলতা দূর করতে ইতোমধ্যে ২ হাজার ৩১১ জনকে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।
অভিযান চলাকালীন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৫০০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬০ শতাংশ ইথিওপীয়, ৩৮ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আটক হয়েছেন ৫৮ জন। অন্যদিকে, অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন সুবিধা বা অবৈধভাবে চাকরির ব্যবস্থা করার সুনির্দিষ্ট অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয়ের ব্যবস্থা করলে তা বড় অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার বেশি) জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সংশ্লিষ্ট আশ্রয়স্থলও বাজেয়াপ্ত করা হবে।
একই সাথে দেশটির সচেতন নাগরিকদের আইন লঙ্ঘনের যেকোনো ঘটনা সম্পর্কে তথ্য দিতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ‘৯১১’ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ‘৯৯৯’ ও ‘৯৯৬’ নম্বরে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।