
অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে
ভারতের কেরালা রাজ্যের নতুন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে ১৮ মে, সোমবার। এদিন সকালে রাজধানী তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মনোনীত মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভি ডি সতীশান এবং তার মন্ত্রিসভার সদস্য ২০ সদস্য।
অনুষ্ঠানের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টা ৪৫ মিনিটে মনোনীত মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা অনুষ্ঠানে পৌঁছাবেন। এরপর সকাল ৯টা ৫৫ মিনিটে উপস্থিত হবেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
সকাল ১০টায় শুরু হওয়া শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে প্রায় ১০টা ৪৫ মিনিট পর্যন্ত।
অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে আছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী।
এছাড়া অনুষ্ঠানে যোগ দেবেন কর্ণাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভেন্থ রেড্ডি এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখভিন্দর সিং সুকু।
তবে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।