
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার
মুন্সীগঞ্জের গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আবদুল্লাহপুরে তার নানাবাড়িতে তাকে সমাহিত করা হয়।
সেখানে সকালে মরহুমার চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। কারিনাকে শেষবারের মতো বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা।
এর আগে রোববার বিকেলে কারিনার মরদেহ বাংলাদেশে পৌঁছায়। এরপর বাদ মাগরিব রাজধানীর ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তার মরদেহ নেওয়া হয়।
গত শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কারিনা। মৃত্যুর পাঁচদিন আগে, ১১ মে রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাইয়ে নেওয়া হয়েছিল।
গত ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার অসুস্থতার খবর নিশ্চিত করেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। সেদিন দুপুরে এক পোস্টে ডানা লিখেছিলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন কারিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে তার লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
হাসপাতালে ভর্তির প্রায় এক সপ্তাহ আগে থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। গত ৮ মে রাতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।