
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে রক্তপাতহীন ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোকেই আগে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।’
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিইসি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের মূল্যায়ন তিনি জনগণ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর ছেড়ে দিতে চান।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘নির্বাচন কমিশন দায়িত্ব পালনের সময় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করেনি। আইন, বিবেক ও জবাবদিহিতার জায়গা থেকেই কমিশন কাজ করেছে। তিনি বলেন, ‘আমাদের নিয়ত ছিল একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আয়োজন করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও, বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই প্রার্থী মনোনয়নের ঘোষণা দিচ্ছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করছে।’
অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে সিইসি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রায়ই সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। তাই রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে বসে সমঝোতায় পৌঁছানো উচিত।’
আরএফইডি’র সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-এর সভাপতি ফাহিম আহমেদ।