
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২৩ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে পাঠানো এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়। সেখানে ঈদের আগে সাত দিন, ঈদের ছুটির পুরো সময় এবং ঈদের পরবর্তী পাঁচ দিন দেশের সব সিএনজি স্টেশন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং দূরপাল্লাসহ সব ধরনের যানবাহনে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা ও শিল্প-আবাসিক খাতে চাপ সামাল দিতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নিয়ম চালু রয়েছে। তবে ঈদকে কেন্দ্র করে পরিবহন চলাচল সচল রাখতে সাময়িকভাবে সেই বিধিনিষেধ শিথিল করেছে সরকার।
এর ফলে নির্ধারিত সময়জুড়ে যানবাহন চালকরা যেকোনো সময় সিএনজি নিতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।