
সাদিয়া ফারজানা (দিনা)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাদিয়া ফারজানা (দিনা)। দল থেকে সর্দার আমিরুল ইসলামকে বহিষ্কারের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই এই পদে তাকে মনোনয়ন দেওয়া হয়।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সর্দার আমিরুল ইসলাম অভিযোগ করেন, এনসিপি ডানপন্থার দিকে ঝুঁকে পড়ছে এবং এ কারণে তার পক্ষে দলে থাকা সম্ভব নয়। পরে মধ্যরাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কারের ঘোষণা দেয় এনসিপি।
সোমবার দুপুরে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব পদে শূন্যতা সৃষ্টি হওয়ায় সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে সাদিয়া ফারজানাকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এর আগে সাদিয়া ফারজানা ঢাকা মহানগর উত্তর শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও কাজ করছেন।