
ফাইল ছবি
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৬৩টি হজ ফ্লাইটে মোট ৬৩ হাজার ২৬১ জন হজযাত্রী পবিত্র সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১৮ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ পর্যন্ত ১৬৩টি ফ্লাইট সফলভাবে সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালন করবেন। অবশিষ্ট ১৫ হাজার ২৩৯ জন হজযাত্রী আগামী কয়েক দিনে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। এর মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে হজ অফিস।
সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের সহায়তায় মেডিকেল টিম ও আইটি ডেস্ক দিনরাত কাজ করে যাচ্ছে। সোমবার পর্যন্ত সৌদি মেডিকেল টিম ৩৪ হাজার ৩৭০ জন হজযাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে সেবা নিয়েছেন ১৭ হাজার ৯৮৮ জন হজযাত্রী।
এয়ারলাইন্সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৩টি ফ্লাইটে ৩২ হাজার ৮৪০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৮টি ফ্লাইটে ২১ হাজার ৯৬৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন।
এবার মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন। বেসরকারি ব্যবস্থাপনায় দেশের মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
সৌদি আরবে গতকাল রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং তার পরের দিন অর্থাৎ ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
হজ অফিস আরও জানিয়েছে, হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি হজ ফ্লাইট নিয়ে বিমানগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া শুরু করবে এবং আগামী ৩০ জুনের মধ্যে শেষ ফিরতি হজ ফ্লাইটের মাধ্যমে সব হজযাত্রীর দেশে ফেরার কথা রয়েছে।