
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যভিত্তিক নকশায় নতুন ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব নোট কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হয়েছে।
প্রাথমিকভাবে মতিঝিল অফিসে বিতরণ শুরু হলেও পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকেও নতুন নোট ইস্যু করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর থাকবে। একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকার নোটও ধাপে ধাপে নতুন স্বাক্ষরসহ বাজারে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নতুন নোটের রং, আকার, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধভাবে চালু থাকবে। জাতীয় স্বার্থে এ তথ্য প্রচারের জন্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।