
সংগৃহীত ছবি
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিচালিত বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্প ধাপে ধাপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা প্রদানও বন্ধ হয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
সোমবার (১৮ মে) রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল । তিনি বলেন, চলতি মাস পর্যন্ত এসব প্রকল্পের সুবিধা চালু থাকবে, তবে আগামী মাস থেকে তা আর কার্যকর থাকবে না।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় পরিচয়ভিত্তিক যেসব অনুদান বা সহায়তা দেওয়া হতো, সেগুলো বন্ধ করা হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে বলেও জানান তিনি।
এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু থাকা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা প্রকল্পের ভবিষ্যৎ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। আগে এসব ধর্মীয় ব্যক্তিদের মাসিক ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছিল।
নতুন সরকারের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এমন পদক্ষেপ সামনে আসায় বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।