
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে ইরানের ওপর মার্কিন সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার সুযোগ দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের এই এক ঘোষণাতেই বিশ্ববাজারে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ২ শতাংশের বেশি কমে গেছে।
আজ মঙ্গলবার (১৯ মে) এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ০৮ ডলার কমে ১০২ দশমিক ৩৪ ডলারে নেমে আসে।
এর পাশাপাশি, আগামী জুন মাসে তেল সরবরাহের অগ্রিম চুক্তি অনুযায়ীও তেলের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৫৪ ডলার কমে ১০৭ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জুন মাসের এই তেল কেনার চুক্তির মেয়াদ আজ মঙ্গলবারই শেষ হচ্ছে।
এর আগে গত সোমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে ৩ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল। ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়।
তবে ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের পর বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা আপাতত কিছুটা কমে গেছে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার যে বড় ভয় তৈরি হয়েছিল, তাও অনেকটাই কেটে গেছে। এই ভূ-রাজনৈতিক স্বস্তির কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত নিচের দিকে নামতে শুরু করেছে।