
ছবি: সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
সোমবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার চির্কা চাঁদপুর গ্রামে মো. বিল্লাল হোসেন-এর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
ভুক্তভোগীর স্ত্রী খুর্শিদা বেগম জানান, রাত প্রায় ২টার দিকে ডাকাতরা বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তাকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে।
তিনি জানান, ডাকাতরা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, দুটি স্মার্টফোন, ১১টি বিদেশি কম্বল, কসমেটিক্সসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নেয়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ডাকাতরা পালিয়ে যাওয়ার পর তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, ডাকাতদল ঘরের ভেতরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে মারধর করেছে এবং মালামাল লুট করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে।