
ছবি: সংগৃহীত
ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে সম্প্রতি এই নতুন নির্দেশনা জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংশোধিত নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের কোনো নাগরিক যদি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, তবে তাকে নিজের দেশের পাসপোর্টসংক্রান্ত বিস্তারিত তথ্য জানানোর পাশাপাশি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র জমা দিতে হবে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক কোনো আবেদনকারী নিজের কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ কোনো পাসপোর্ট রাখতে পারবেন না। তবে আবেদনকারীর কাছে পাসপোর্ট থাকলে তাকে আবশ্যিকভাবে সেটির নম্বর, ইস্যু করার তারিখ এবং মেয়াদ শেষ হওয়ার তথ্য ফরমে উল্লেখ করতে হবে।
এ ছাড়া আবেদনকারীকে লিখিতভাবে অঙ্গীকার করতে হবে যে, ভারতের নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তিনি তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি সংশ্লিষ্ট ডাক বিভাগের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট বা সুপারিনটেনডেন্টের কাছে জমা দেবেন।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করার মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে, যা বিধিমালার ১সি তফসিলের পরে সংযোজিত হবে।
উল্লেখ্য, এই ১সি তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান সম্প্রদায়ের নাগরিকদের জন্য প্রযোজ্য।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সাম্প্রতিক এই বিধি সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব আবেদনের প্রক্রিয়ায় পাসপোর্টসংক্রান্ত তথ্য প্রদান ও তা জমা দেওয়ার বিষয়টি আরও কঠোর ও স্পষ্ট করা হলো।