
ব্যাংকটি এখন দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়াচ্ছে, যার ফলে অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে
আন্তর্জাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, তারা আগামী চার বছরে বিশ্বজুড়ে ৭ হাজারেরও বেশি চাকরি কমাবে। কারণ হিসেবে বলা হয়েছে—ব্যাংকটি এখন দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়াচ্ছে, যার ফলে অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে।
ব্যাংকটির পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ব্যাক-অফিস কাজের প্রায় ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। এতে প্রায় ৭,৮০০ কর্মী চাকরি হারাতে পারেন। বর্তমানে এই বিভাগে ৫২ হাজারের বেশি মানুষ কাজ করেন।
ব্যাংকটির মোট কর্মী সংখ্যা প্রায় ৮২ হাজার। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী বিল উইন্টার্স বলেছেন, এটি শুধু খরচ কমানোর জন্য নয়—বরং প্রযুক্তি ব্যবহার করে কাজ আরও দ্রুত ও সহজ করার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে।
তিনি আরও জানান, কিছু কর্মীকে নতুন প্রযুক্তি শেখানো হবে, তবে অনেক কাজ এখন এআই দিয়ে করা যাবে, তাই কিছু পদ কমে যাবে।
সবচেয়ে বেশি চাকরি কমবে ব্যাংকের ব্যাক-অফিস বিভাগে। বিশেষ করে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং পোল্যান্ডের ওয়ারশতে থাকা অফিসগুলোতে এই পরিবর্তন বেশি দেখা যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এখন অনেক ব্যাংক ও বড় কোম্পানি এআই ব্যবহার করছে। এতে কাজ দ্রুত হয়, খরচ কমে এবং কিছু চাকরির প্রয়োজন কমে যায়।
একটি গবেষণায় বলা হয়েছে, আগামী কয়েক বছরে শুধু ইউরোপের ব্যাংকিং খাতেই প্রায় ২ লাখের বেশি চাকরি ঝুঁকিতে পড়তে পারে।