
২০২৬ ফুটবল বিশ্বকাপের ব্রাজিল দলে নিজের নাম দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সুপারস্টার নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করার পরপরই সতীর্থ উইঙ্গার রাফিনিয়াকে ভিডিও কলে ফোন করেন তিনি। সেই কথোপকথনের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে চোখে আনন্দের অশ্রু নিয়ে নেইমারকে বলতে শোনা যায়, “আমরা একসঙ্গে আছি, রাফা… এবার আমাদের জিততেই হবে!” দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর তার দলে ফেরা নিয়ে ছিল ব্যাপক আলোচনা ও অনিশ্চয়তা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আনচেলত্তি শেষ পর্যন্ত নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেন।
সান্তোস তারকা নেইমার ভক্তদের উদ্দেশেও বার্তা দিয়ে বলেন, “আমরা সর্বোচ্চটা দিয়ে লড়ব। ট্রফিটা এবার ব্রাজিলে ফিরিয়ে আনতেই হবে।” তার এই আবেগঘন প্রতিক্রিয়া ব্রাজিল শিবির ও সমর্থকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
যদিও নেইমারের বর্তমান ফিটনেস ও গতি নিয়ে ফুটবল মহলে কিছু প্রশ্ন রয়েছে, তবুও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার অসাধারণ সামর্থ্যের কারণেই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনচেলত্তি। অন্যদিকে দারুণ ফর্মে থাকা জোয়াও পেড্রোর বাদ পড়লেও অভিজ্ঞতা ও প্রভাবের কারণে নেইমার কোচের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।