
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান || ফাইল ছবি
প্রথমবারের মতো আজ বুধবার (২০ মে) সরকারি সফরে গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এ সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক প্রস্তুতি।
সফিপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর সফরসূচিতে। এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উন্নয়ন প্রত্যাশা আরও বেড়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রীর টঙ্গী সফরকে কেন্দ্র করে গাজীপুর মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ উপলক্ষে জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরী আইন-২০১৮ এর ২৯ ও ৩১ ধারার ক্ষমতাবলে নির্দিষ্ট কিছু এলাকায় অস্থায়ীভাবে নতুন ব্যক্তি বসবাস, ড্রোন উড়ানো এবং বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা ও মাঝিপাড়া এবং গাছা থানার চতুরা, গাছা, কুনিয়া ও নিশাত হাউজিংসহ আশপাশের এলাকায় নতুন কোনো ব্যক্তি স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করতে পারবেন না বলে জানানো হয়েছে।
এছাড়া, ওইসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক বা অনুরূপ দ্রব্য বহন এবং ড্রোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আকাশে উড়ানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।