
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছান তিনি।
সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ।
পরে মুক্তিযুদ্ধে শহীদ আনসার সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এরপর প্যারেড গ্রাউন্ডে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। সেখানে মহড়া শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও আনসার ভিডিপির পরিচালকরা উপস্থিত ছিলেন।