
কেউ সরাসরি ক্ষমা চায় না, কেউ সরাসরি ক্ষমাও করে না। তবু সম্পর্কটা আগের জায়গায় ফিরতে শুরু করে। অনেক সম্পর্কই এভাবেই টিকে থাকে।
রাত এগারোটা বাজে। সামির (ছদ্মনাম) ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছে। সুজন (ছদ্মনাম) সকাল থেকে কোনো জবাব দেয়নি। ম্যাসেঞ্জারে ব্লু টিক জ্বলছে। গতকাল একটা কথা বলেছিল সামির। কথাটা বলার পর থেকেই বুঝেছিল— ভুল হয়েছে।
সে টাইপ করে— ‘আমি খুবই দুঃখিত, আমার কথা ভুল হয়েছে।’
কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর পুরোটা মুছে দেয়। বাক্যটা অদ্ভুত রকম দূরের লাগে। যেন দুই বন্ধু কথা বলছে না, বরং কোনো অফিসিয়াল অভিযোগের জবাব দিচ্ছে।
শেষ পর্যন্ত সে শুধু লেখে—’মামা, রাগ করলা?’ সুজন প্রায় সঙ্গে সঙ্গেই রিপ্লাই দেয়—‘না মামা।’
সেখানে খানিকটা অভিমান আছে, খানিকটা হাসি আছে, কিন্তু রাগের ধারটা আর আগের মতো নেই। দুজন মানুষ খুব চুপচাপ একটা সমঝোতায় পৌঁছে যায়। কেউ সরাসরি ক্ষমা চায় না, কেউ সরাসরি ক্ষমাও করে না। তবু সম্পর্কটা আবার আগের জায়গায় ফিরতে শুরু করে। বাংলাদেশে অনেক সম্পর্কই এভাবেই টিকে থাকে।
মামা — একটি শব্দের সামাজিক রূপান্তর
একসময় ‘মামা’ ছিল নিছক আত্মীয়তার সম্বোধন। পরে ঢাকার রাস্তাঘাট শব্দটাকে বদলে দেয়। নব্বইয়ের দশকে রিকশাওয়ালারা অপরিচিত যাত্রীদের ‘মামা’ বলে ডাকতে শুরু করলে শব্দটা ধীরে ধীরে আত্মীয়তার গণ্ডি ছাড়িয়ে যায়।
‘কোথায় যাবেন মামা?’ ‘ভাড়া দেন মামা।’ এই সম্বোধনের মধ্যে আলাদা এক নমনীয়তা ছিল। শহরের কঠিন, অপরিচিত ভিড়ের ভেতরেও মানুষ হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য আপন হয়ে যেত।
এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শব্দটাকে নতুন জীবন দেয়। চায়ের দোকানি, হলের বন্ধু, সহপাঠী, রাজনৈতিক কর্মী, ফটোকপির দোকানদার— সবাই একসময় ‘মামা’।
আজ শব্দটা আরও বিস্তৃত হয়েছে। ফেসবুক কমেন্টে, গেমিং গ্রুপে, টেলিগ্রাম চ্যাটে, এমনকি অনলাইন ঝগড়ার মাঝেও মানুষ লিখে— ‘মামা chill’, ‘মামা এত সিরিয়াস কেন’, কিংবা ‘মামা, রাগ করলা?’ শব্দটা এখন আর শুধু সম্বোধন নয়। এটা একটা social shortcut।
বাংলাদেশি সমাজে যেখানে আনুষ্ঠানিক দূরত্ব খুব সহজে তৈরি হয়, সেখানে ‘মামা’ সেই দূরত্ব কমিয়ে আনে। কয়েক সেকেন্ডের জন্য হলেও মনে হয়— আমরা একই দলে।
প্রশ্ন, অথচ পুরোপুরি প্রশ্ন নয়
‘রাগ করলা?’ শুনতে প্রশ্নের মতো, কিন্তু আসলে এর উত্তর দুই পক্ষই আগে থেকে জানে।
যে জিজ্ঞেস করছে, সে জানে অপরপক্ষ কষ্ট পেয়েছে। যে শুনছে, সেও জানে কেন এই প্রশ্নটা করা হচ্ছে।
তবু সরাসরি ‘আমি ভুল করেছি’ না বলে মানুষ এই বাক্যের আশ্রয় নেয়। কারণ সরাসরি ক্ষমা চাওয়া অনেক সময় সম্পর্ককে বেশি আনুষ্ঠানিক করে ফেলে। সেখানে একজন অপরাধী হয়ে যায়, আরেকজন বিচারক।
কিন্তু ‘মামা, রাগ করলা?’ অন্যরকম। এখানে দোষ স্বীকার আছে, কিন্তু নাটকীয়তা নেই। লজ্জা আছে, কিন্তু অহং পুরো ভাঙতে হয় না। সবচেয়ে বড় কথা, এই বাক্য কাউকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড় করায় না।
বাংলাদেশি সামাজিক সম্পর্কের একটা বড় বৈশিষ্ট্যই সম্ভবত এটা— আমরা অনেক কথা সরাসরি বলি না। মা খুব কমই বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ বাবা সচরাচর বলেন না, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত।’
কিন্তু পরীক্ষার সকালে মা চুপচাপ ডিম ভেজে দেন। বাবা রাতে দরজার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, ‘টাকা লাগবে?’
আমাদের আবেগের বড় অংশই ভাষার বাইরে কাজ করে। ‘মামা, রাগ করলা?’ সেই পুরোনো অভ্যাসেরই ডিজিটাল সংস্করণ।

বাংলাদেশি প্রেমের ভাষা বরাবরই একটু ঘুরিয়ে বলা
প্রেমের সম্পর্কেও একই ভাষা
প্রেমিকা ম্যাসেজ দেখেছে, কিন্তু রিপ্লাই দেয়নি। দুই ঘণ্টা পর প্রেমিক লেখে—‘রাগ করলা?’এই ছোট্ট বাক্যের মধ্যে এক ধরনের অসহায়তা আছে। খুব সচেতনভাবে নিজেকে ছোট করা নয়, বরং সম্পর্কটা হারাতে না চাওয়ার ভয়।
বাংলাদেশি প্রেমের ভাষা বরাবরই একটু ঘুরিয়ে বলা। সরাসরি ‘থেকে যাও’ না বলে মানুষ বলে, ‘বাসায় পৌঁছাইলে জানাইও।’ সরাসরি ‘তোমাকে মিস করি’ না বলে বলে, ‘আজকে দিনটা অদ্ভুত লাগতেছে।’ ‘রাগ করলা?’ সেই একই ধারার বাক্য।
পরিবারেও এর ব্যবহার আলাদা রকম কোমল। ছোট ভাই হয়তো বড় বোনকে কষ্ট দিয়েছে। রাতের দিকে দরজার সামনে দাঁড়িয়ে আস্তে বলে—’আপা, রাগ করলি?’ এই দৃশ্যগুলোতে খুব বড় কোনো নাটক নেই। আছে শুধু সম্পর্ক বাঁচিয়ে রাখার চেষ্টা।
ইন্টারনেট এটাকে মিম বানিয়েছে
বাংলাদেশের ইন্টারনেট সংস্কৃতি প্রায়ই বাস্তব জীবনের ভাষাকে নতুন রূপ দেয়। ‘মামা, রাগ করলা?’ তার সবচেয়ে পরিচিত উদাহরণগুলোর একটি।
কেউ ফেসবুকে তর্কে হেরে গেছে— কমেন্ট আসে, ‘মামা রেগে গেছে।’ কেউ অতিরিক্ত সিরিয়াস পোস্ট দিয়েছে— নিচে কেউ লিখে, ‘মামা, রাগ করলা নাকি?’
এর আগে এই কথার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর ধীরে ধীরে বাক্যটা মিম হয়ে গেছে।
কিন্তু মজার ব্যাপার হলো, মিম হওয়ার পরেও এর আবেগী শক্তি পুরোপুরি হারায়নি। এখনও বাস্তব ঝগড়ার পর মানুষ এই কথাটাই লেখে। এখনও এটা অনেক awkward conversation-এর সবচেয়ে নিরাপদ দরজা। কারণ হয়ত, বাক্যটার ভেতরে একসঙ্গে দুইটা জিনিস কাজ করে— হাস্যরস এবং কোমলতা। মানুষ সাধারণত এমন ভাষাই দীর্ঘদিন মনে রাখে, যা দিয়ে একইসঙ্গে মজা করতে পারে, আবার দরকারে সম্পর্কও বাঁচাতে পারে।
ক্ষমা চাওয়ার বাংলাদেশি কৌশল
বাংলাদেশি সংস্কৃতিতে ‘আমি দুঃখিত’ বলা সহজ না। ক্ষমা চাইতে গেলে মানুষকে নিজের অহং থেকে একটু নামতে হয়। স্বীকার করতে হয়— আমি ভুল করেছি, আমি সম্পর্কটা হারাতে চাই না। সব সংস্কৃতি এই কাজ একইভাবে করে না।
বাংলাদেশিরা অনেক সময় সরাসরি স্বীকারোক্তির বদলে যোগাযোগের জন্য আলাদা একটা রাস্তা বেছে নেয়। ‘মামা, রাগ করলা?’ সেই যোগাযোগেরই ভাষা।
এই বাক্যে হয়তো পৃথিবীর সবচেয়ে নিখুঁত অ্যাপোলজি নেই। কিন্তু আছে একটা চেষ্টা— সম্পর্কটা যেন পুরোপুরি ভেঙে না যায়। হয়তো এ কারণেই তিনটি সাধারণ শব্দ এত সহজে মানুষের ভেতরে জায়গা করে নেয়।
বাংলাদেশের মানুষ অনেক সময় ‘ভালোবাসি’ শব্দটি সরাসরি বলতে পারে না। কিন্তু ‘রাগ করলা?’ বলতে পারে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প