
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় চলতি মৌসুমে প্রথমবারের মতো মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। বুধবার নগরজুড়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী, বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষরা বেশি দুর্ভোগে পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু তাপপ্রবাহের মধ্যে পড়ে। আবহাওয়াবিদদের মতে, দিনের চেয়ে রাতের অস্বাভাবিক উষ্ণতাই গরমের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। গত রাতে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
ঢাকার পাশাপাশি বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, খুলনা, পাবনা ও রাজশাহীতেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মে মাসের শুরুতে বৃষ্টিপাত থাকায় এতদিন স্বাভাবিক গরম অনুভূত হয়নি। তবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং ঢাকাতেও তার প্রভাব পড়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী অন্তত দুই দিন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের গরম অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।