
ফাইল ছবি
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। গতকাল বুধবার (২০ মে) রাত ৯টায় জাতীয় গ্রিডে ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। ২০২৫ সালের ২৩ জুলাই সেই রেকর্ড গড়া হয়েছিল। নতুন উৎপাদন আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে ৪০৬ মেগাওয়াট।
গত রাতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে আবাসিক এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বাড়ায় চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের মতে, বাড়তি চাহিদা সামাল দিয়ে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক বার্তা দিচ্ছে। একই সঙ্গে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত কার্যক্রমও এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।