
ফাইল ছবি
দেশের আট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংক্ষেপ দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। উদ্ভূত পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।