
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে এই ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার মতো ফিরতি যাত্রার টিকিটও শতভাগ অনলাইনের (ই-টিকিটিং) মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবারও অঞ্চলভেদে টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর ফিরতি টিকিট আজ দুপুর ২টা থেকে অনলাইনের মাধ্যমে কেনা যাবে।
রেলওয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আজ ২১ মে পাওয়া যাচ্ছে ৩১ মে’র ফিরতি যাত্রার টিকিট। এছাড়া পর্যায়ক্রমে ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট আগামী ২৫ মে বিক্রি করা হবে।
টিকিট ক্রয়ের ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ কিছু নিয়ম ও শর্ত জুড়ে দিয়েছে। জানানো হয়েছে, ঈদ উপলক্ষে কেনা এই অগ্রিম ফিরতি টিকিট কোনোভাবেই ফেরত (রিফান্ড) দেওয়া যাবে না। একজন যাত্রী তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট কাটার ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময়েই বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।
এর আগে গত ১৩ মে থেকে ট্রেনযাত্রীদের ঢাকা ছাড়ার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা ও ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির এই সামগ্রিক সিদ্ধান্ত নেওয়া হয়।












































