
কিউবান নেতা রাউল কাস্ত্রো
যুক্তরাষ্ট্রকে কিউবার বিরুদ্ধে ‘চাপ ও হুমকি’ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। সাবেক কিউবান নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হত্যা মামলা দায়ের করার পর বেইজিং এই প্রতিক্রিয়া জানায়।
মার্কিন আদালত ৯৪ বছর বয়সী কাস্ত্রোকে ১৯৯৬ সালে দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে। ওই ঘটনায় চারজন নিহত হন এবং তা দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও হাভানার মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘বিচারব্যবস্থাকে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা’ এবং ‘শক্তি প্রয়োগের হুমকি দেওয়া থেকে বিরত থাকা’। তিনি জোর দিয়ে বলেন, চীন কিউবার সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে।
বুধবার প্রকাশিত অভিযোগপত্রে কাস্ত্রোর পাশাপাশি আরও পাঁচজনের নাম রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যে উড্ডয়নরত দুটি বিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় জড়িত ছিলেন। বিমান দুটি পরিচালনা করত কিউবান-আমেরিকান ভিন্নমতাবলম্বী সংগঠন ব্রাদার্স টু দ্য রেসকিউ। ওই বিমানে থাকা তিন মার্কিন নাগরিকসহ চারজন নিহত হন। সে সময় রাউল কাস্ত্রো কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন।
তবে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনি ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।
চীনও বলেছে, কোনো অজুহাতে কিউবার ওপর বাহ্যিক চাপ প্রয়োগের প্রচেষ্টার বিরোধিতা করে তারা। বেইজিংয়ের মতে, নিষেধাজ্ঞা ও বিচারিক পদক্ষেপকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে কিউবার ওপর চাপ আরও বাড়িয়েছে। ওয়াশিংটন নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং জ্বালানি সরবরাহে বাধা দিয়েছে, যার ফলে দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্যসংকট আরও তীব্র হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চীনের সঙ্গে কিউবার সম্পর্ক গত এক দশকে আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০১৪ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিউবা সফর করেন এবং ২০১৮ সালে কিউবা চীনের বেল্ট এন্ড রোড ইনেশিয়েটিভস-এ যোগ দেয়। এরপর থেকে দ্বীপ রাষ্ট্রটির বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বেড়েছে।