
১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলটির প্রস্তুতি শিবির এখন বেলজিয়ামে হবে
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। রাজধানী কিনশাসা থেকে সরিয়ে এখন দলটির অনুশীলন ক্যাম্প হবে বেলজিয়ামে।
দেশটির পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে ইতোমধ্যে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দক্ষিণ কিভু প্রদেশে নতুন একটি সংক্রমণ নিশ্চিত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এর ফলে বোঝা যাচ্ছে, ভাইরাসটি মূল আক্রান্ত এলাকা ছাড়িয়ে অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। তবে সংস্থাটি জানিয়েছে, এটি এখনো মহামারির পর্যায়ে পৌঁছায়নি।
কঙ্গোর জাতীয় ফুটবল দলের মুখপাত্র জেরি কালেমো জানিয়েছেন, ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলটির প্রস্তুতি শিবির এখন বেলজিয়ামে হবে। ইউরোপে নির্ধারিত প্রীতি ম্যাচগুলোও আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের আগে ‘লেপার্ডস’ নামে পরিচিত দলটি ৩ জুন বেলজিয়ামে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার প্রভাব
দলটির এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেও কিনশাসার ক্যাম্প বাতিল করা হয়েছে।
ইবোলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, বিগত ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করা বিদেশি নাগরিকরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না। তবে কঙ্গোর জাতীয় দলের সব খেলোয়াড়ই দেশের বাইরে থাকেন, তাই তাদের ওপর এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না।
দলীয় কিছু কর্মকর্তা ২১ দিনের সময়সীমা এড়াতে বুধবার দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছেন কালেমো।
ভিসা নিয়ে দুশ্চিন্তায় সমর্থক ও সাংবাদিকরা
ইবোলা পরিস্থিতির কারণে ডিআর কঙ্গোয় যুক্তরাষ্ট্র দূতাবাস সাময়িকভাবে ভিসা সেবা বন্ধ রেখেছে। এতে বিশ্বকাপ দেখতে যাওয়ার আশা করা সমর্থক ও সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক ক্রীড়া সাংবাদিক প্রশ্ন তুলেছেন, ‘কিনশাসায় তো এখনো কোনো ইবোলা রোগী শনাক্ত হয়নি। তাহলে পুরো দেশকে কেন নিষিদ্ধ করা হবে?’
উল্লেখ্য, কিনশাসা থেকে ইবোলার কেন্দ্রস্থল ইতুরি প্রদেশের দূরত্ব প্রায় ১,৮০০ কিলোমিটার।