
সিলেট বিভাগে দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে হামের পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগজুড়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া শিশুদের মধ্যে সুনামগঞ্জের তিনজন, সিলেটের একজন এবং হবিগঞ্জের একজন রয়েছে। তাদের মধ্যে কেউ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, কেউ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং কেউ সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত একদিনে নতুন করে আরও ৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮৩ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালেও আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।