
সংগৃহীত ছবি
নৌপরিবহন মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় হঠাৎ পরিদর্শন করেন। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া অনেককে নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হতে দেখা যায়।
এসব ঘটনায় অসন্তোষ প্রকাশ করে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও ৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করেছে।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।