
নিহত মোহাম্মদ রায়হান/সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ রায়হান (২৬) নামে এক ওমানপ্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
নিহত রায়হান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পরিবারের সবার ছোট।
পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মাকে দেখতে ও তার পাশে থাকতে সম্প্রতি ওমান থেকে দেশে ফেরেন তিনি। গত বৃহস্পতিবার সীতাকুণ্ডে বেড়াতে গিয়েছিলেন রায়হান। আজ শুক্রবার (২২ মে) সেখান থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফটিকছড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
জানা যায়, জুমার নামাজের সময় হলে তারা সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়হানের মামাতো বোন সাবরিনা বলেন, “মায়ের অসুস্থতার কারণেই সে দেশে এসেছিল। এখনও বিশ্বাস করতে পারছি না, সে আর আমাদের মাঝে নেই।”
এদিকে রায়হানের মৃত্যুর খবর নিশ্চিত করে তার চাচাতো ভাই আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, বন্ধু ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করে তার আত্মার মাগফিরাত কামনা করছেন।
অসুস্থ মাকে দেখতে এসে পরিবারের একমাত্র ছোট ছেলের এমন অকাল মৃত্যুতে পুরো সুন্দরপুর এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।