
সংগৃহীত ছবি
ছুটিতে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বেড়াতে গিয়ে দীর্ঘ ২৮ দিন (চার সপ্তাহ) ধরে নিখোঁজ রয়েছেন নেদারল্যান্ডসের নাগরিক বাংলাদেশি যুবক শেখ মাহফুজুর রহমান ইমন। বাংলাদেশে থাকা তাঁর পরিবারের সদস্যরা সর্বশেষ গত ২৪ এপ্রিল তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। এরপর প্রায় এক মাস পার হতে চললেও ওই যুবকের আর কোনো খোঁজ দিতে পারছে না কেউ।
কেনিয়ার প্রভাবশালী মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘টুকো’ আজ শুক্রবার (২২ মে) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইমনের নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর স্বজনদের। ইমনের সন্ধান পেতে তাঁর পরিবার ইতিমধ্যেই কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন এবং নেদারল্যান্ডসের কূটনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিক সহায়তা চেয়েছেন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইমন গত ১১ এপ্রিল ভারত মহাসাগরের তীরবর্তী কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পর্যটন শহর মোম্বাসায় বেড়াতে যান। ভ্রমণের শুরু থেকে তিনি প্রতিনিয়ত তাঁর ফেসবুক আইডিতে নানা ছবি ও ভ্রমণের অভিজ্ঞতা পোস্ট করছিলেন। কিন্তু গত ২২ এপ্রিলের পর থেকে তাঁর ফেসবুকের সব ধরনের পোস্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২৪ এপ্রিলের পর থেকে স্বজনরা আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি।
ইমনের এক ঘনিষ্ঠ স্বজন কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘লামিসো মিডিয়া হাউজ’কে বলেন, “ভ্রমণের শুরু থেকেই ইমন প্রতি মুহূর্তের আপডেট ফেসবুকে দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। গত ২২ এপ্রিলের সর্বশেষ পোস্টে তাকে মোম্বাসার মাদারাকা এক্সপ্রেস রেলওয়ে সার্ভিসের বাইরে দেখা গিয়েছিল। এরপর থেকে তার সব কটি ফোন নম্বর বন্ধ রয়েছে এবং যোগাযোগের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।”
ইতোমধ্যে ইমনের খোঁজে লামিসো মিডিয়া হাউজের মাধ্যমে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সন্ধান চাই বিজ্ঞপ্তি জারি করেছে তাঁর পরিবার। তবে নিখোঁজ হওয়ার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ইমনের কোনো নির্ভরযোগ্য হদিস পাওয়া যায়নি।
ইমনের সন্ধানে কেনিয়ার সাধারণ নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিখোঁজ সংবাদটি ব্যাপকভাবে শেয়ার করছেন, যেন ভ্রমণের সময় কেউ তাঁকে দেখে থাকলে বা তাঁর সঙ্গে কথা বলে থাকলে দ্রুত তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।