
ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সবকটি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ ‘ঈদ উপহার’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে এই উপহারের চেক বা অনুদান হস্তান্তর করেন।
অবহেলিত এই শ্রমজীবী মানুষেরা যাতে পরিবারের সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সারা দেশের ১৩টি সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশালের বিলকিস জাহান শিরীনসহ অন্যান্য সিটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই উপহার সামগ্রী ও অনুদান গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই বিশেষ অনুষ্ঠানের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের রাজনৈতিক কার্যালয়ে এসে এই কল্যাণমূলক অনুষ্ঠানে যোগ দেন। এর আগে বিকেলে তিনি গুলশান এভিনিউয়ের নিজ বাসভবনে আসরের নামাজ আদায় করে সম্পূর্ণ পায়ে হেঁটে গুলশানের এই দলীয় কার্যালয়ে পৌঁছান। সেখানে উপস্থিত হয়ে তিনি দেশের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দের অর্থ সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দেন এবং নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত সকল কর্মীর নিরলস পরিশ্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গগত, দায়িত্ব গ্রহণের পর থেকেই শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরেও দেশের সিটি করপোরেশনগুলোর প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে ঈদ উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় এবার কোরবানির ঈদেও এই উপহার কার্যক্রম অব্যাহত রাখা হলো, যা পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রশাসকেরা।