
অভিনয় ও উপস্থাপনার পর সংগীতেও নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুই বছর বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন তিনি। ফোক ও পপ ঘরানার মিশেলে তৈরি নতুন গানটির শিরোনাম ‘লোকে বলে’।
গানটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ নিজেই। সংগীতায়োজনে সহযোগিতা করেছেন দোতারা শিল্পী আনন্দ শিকদার, পারকাশন বাদক মিঠুন দাস ও বাঁশিশিল্পী কামরুল আহমেদ।
সম্প্রতি ‘নাইন অ্যান্ড হাফ’ নামের একটি শুটিং সেটে গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটির কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। এতে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া ও ফুয়াদ আল মুক্তাদির। ঈদের দিন এসভিএফ ও বিলিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন নুসরাত ফারিয়া। এরপর আরও কয়েকটি গান প্রকাশ করলেও এবার ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ফারিয়ার ভাষ্য, আগের গানগুলোর তুলনায় ‘লোকে বলে’ একেবারেই আলাদা, যেখানে দর্শক-শ্রোতারা তাকে নতুনভাবে আবিষ্কার করবেন।
আয়োজকদের আশা, ফোক-পপ ঘরানার এই নতুন গান সংগীতপ্রেমীদের মধ্যে বিশেষ সাড়া ফেলবে।